নিজস্ব প্রতিবেদক : সন্ত্রাসী ও ভূমিদস্যুর রোশানলের শিকার হয়ে গত এক বছর ধরে পরিবার-পরিজনসহ ভিটে-বাড়ি ছাড়া হয়ে বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছে রূপসা উপজেলার শিয়ালি গ্রামের নিতিশ মালাকার। এমনকি বিষয়-সম্পতি হারিয়ে গোটা পরিবার এখন অর্ধহারে-অনাহারে দিন কাটাচ্ছে। শুক্রবার বেলা ১১টায় রূপসা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগে নিতিশ মালাকার বলেন, বছরখানেক আগে অরুণ বিশ্বাস নামক এক ভারতীয় নাগরিক শিয়ালী গ্রামে এসে আামাদের সম্পত্তি তাদের বলে দাবি করেন। তার দাবি না মানায় সে স্থানীয় ইউপি মেম্বর দিবাংশু মালাকার ওরফে মনিকে দিয়ে একের পর এক ভয়ভীতি ও হুমকি দিতে থাকে। এক পর্যায় মনি মালাকার তার সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রথমে আমার বোন নিলিমা মালাকারসহ পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়ে বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা করে।
আমি এর প্রতিবাদ করায় গত ২৫/০১/১৮ তারিখ মনি মালাকার তার সাঙ্গ-পাঙ্গ নিয়ে আমার পরিবারের উপর হামলা চালায়। বেধড়ক মারপিট করে আমার হাত-পা ভেঙ্গে আমাদের পরিবার-পরিজনসহ বাড়ি থেকে উচ্ছেদ করে দেয়। প্রায় ৬ মাস খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরে আসলে মনি মালাকার আবারো আমাদের উপর হামলা চালায়। এ ব্যাপারে মামলা দায়ের করেও শেষ রক্ষা হয়নি। আমি দ্বারে দ্বারে ঘুরেও এর বিচার পাইনি। বাড়ি থেকে উচ্ছেদ করেও মেম্বর মনি মালাকার ক্ষান্ত হয়নি। সে আমাকে মামলা তুলে নেয়ার জন্য নানাভাবে ভয়ভীতি ও জীবনাশের হুমকি দিয়ে চলেছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নিতিশ মালাকারের পিতা নিখিল মালাকার, মা গঙ্গা মালাকার, স্ত্রী জুঁই মালাকার, ভাই সঞ্জিব মালাকার, চন্দন মালাকার ও শিশু পুত্র আরজু মালাকার।


No comments:
Post a Comment