নিজস্ব প্রতিবেদক : খুলনা রেলস্টেশন থেকে প্রায় পাঁচ ঘন্টা পর সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে যশোরের নওয়াপাড়া এলাকার একটি রেল ক্রসিংয়ে পাথরবাহী একটি ট্রাকের ধাক্কায় কপোতাক্ষ এক্সপ্রেসের লোকোমোটিভের (ইঞ্জিন) সঙ্গে ধাক্কা লেগে বিকল হয়ে যায়। পরে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। রেল কর্তৃপক্ষের চেষ্টায় প্রায় ৫ ঘণ্টা পর দুপুর পৌনে ১টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।
খুলনা রেলওয়ে স্টেশন সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় খুলনা থেকে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। চালক ছিলেন সৈয়দ মো. সিদ্দিক। ট্রেনটি নওয়াপাড়া স্টেশন ছেড়ে নওয়াপাড়া ইয়ার্ড এলাকায় পৌঁছালে অবৈধ ক্রসিংকালে একটি পাথরবাহী ট্রাক রেলের ইঞ্জিনে আঘাত করে ইঞ্জিনের ভিতর ঢুকে যায়। তবে এ সময়ে চালক ও হেলপার ট্রাক থেকে লাফিয়ে সরে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এতে রেল চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনা কবলিত রেল সরিয়ে নিয়ে দুপুর পৌনে ১টায় রেল চলাচল স্বাভাবিক হয়।
খুলনা রেলওয়ে স্টেশনের লোকোমোটিভের বিভাগের উপ-সহকারী প্রকৌশলী বেনজির আহমেদ জুয়েল জানান, নওয়াপাড়ায় কপোতাক্ষ এক্সপ্রেসটির সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগায় ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। রেলের সংশ্লিষ্ট বিভাগ দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার কাজ করে খুলনার সাথে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক করেছে।

No comments:
Post a Comment